গত ২৫-১২-২০১৯ ইং গাইবান্ধায় বিলুপ্ত প্রজাতির বিশাল আকারের
হিমালয়ী গৃধিনী জাতের পাঁচটি শকুন পরিবেশবাদী সংগঠন ‘তীর’ গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্যরা উদ্ধার করেছে।
বুধবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য ফলিয়া গ্রাম থেকে এসব শকুন উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় শকুনগুলো গাইবান্ধা বন বিভাগকে হস্তান্তর করা হয়।গাইবান্ধা জেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর হোসেন জানান, পশ্চিম দিক থেকে উড়ে আসা বিশাল একটি শকুনের ঝাঁক মধ্য ফলিয়া গ্রামের কয়েকটি গাছে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ করে পাঁচটি শকুন দুর্বল হয়ে নিচে পড়ে যায়। খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন ‘তীর’ গাইবান্ধা সরকারি কলেজ শাখার আহবায়ক, জিসান মাহমুদ এবং সদস্য সচিব, মোঃ সোলায়মান সরকার শকুন উদ্ধার করে। পরে সন্ধ্যায় গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহযোগিতায় শকুনগুলো উদ্ধার করে বন বিভাগে আনা হয়।
তিনি আরও জানান, এই প্রজাতির শকুনগুলি প্রায় বিলুপ্ত। এদের বাংলাদেশে সচারাচর দেখা যায় না। ধারনা করা হচ্ছে প্রচণ্ড শীতের কারণে শকুনগুলি গাছে আশ্রয় নেওয়ার সময় দুর্বল হয়ে পড়ে। গত বৃহস্পতিবার শকুনগুলিকে চিকিৎসার জন্য দিনাজপুরের ইকোপার্কে পাঠানো হবে। পরে সুস্থ হলে সেগুলিকে অবমুক্ত করা হবে।
0 Comments